নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলা থেকে ২৯৬ বোতল ফেন্সিডিল, এস্কাফ ও ফেয়ারডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মান্দা-রাজশাহী মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ সদর উপজেলার চক তাতারু গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে মোঃ রেজাউল করিম (৪১) এবং একই উপজেলার পাননগা সর্দারপাড়া (০৯ নং ওয়ার্ড) গ্রামের মোঃ মোবারকের ছেলে মোঃ হাবিবুর রহমান (২০)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিল, এস্কাফ ও ফেয়ারডিল সংগ্রহ করে মান্দাসহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

