ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় খেলনা পিস্তল নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আটক এক ব্যক্তির ডোপ টেস্টে (মাদক শনাক্তকরণ পরীক্ষা) মাদক সেবনের লক্ষণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘোষগাঁও বাজার এলাকায় খেলনা পিস্তল নিয়ে জনমনে ভয়ভীতি সৃষ্টির অভিযোগে তোফাজ্জল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার ঘোষগাঁও এলাকার নবী হোসেনের ছেলে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ধোবাউড়া থানায় নিয়ে ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার ফলাফলে মাদক সেবনের উপসর্গ ধরা পড়ে বলে দাবি করেছে পুলিশ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তোফাজ্জলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

