প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন, কমলনগর (লক্ষ্মীপুর): ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শেষ হলেও তার রেশ এখনও কাটেনি। সেই উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে লক্ষ্মীপুর জেলার কমলনগরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমজমাট এক প্রীতি ফুটবল ম্যাচ। বিশ্বকাপ মাতোয়ারা প্রোগ্রামের অংশ হিসেবে এচিভারদের নিয়ে আয়োজিত এ খেলায় অংশ নেন জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও রিটেইলাররা।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কমলনগরের হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে প্রিমিয়ার সিমেন্ট ও মেসার্স হাফিজ স্টোরের যৌথ উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি দেখতে মাঠে ভিড় করেন অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক।
ম্যাচে মুখোমুখি হয় লক্ষ্মীপুর সদর অ্যাডভান্স প্রিমিয়ার সিমেন্ট টিম এবং কমলনগর ও চন্দ্রগঞ্জ স্পেশাল প্রিমিয়ার সিমেন্ট সমন্বয়ে গঠিত দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। সারাদিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে দেশ ও সমাজের অর্থনীতিতে অবদান রাখা এসব কর্মজীবী মানুষ মাঠে নেমে ফুটবলের আনন্দে মেতে ওঠেন। তাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় খেলায় দর্শকরাও মুগ্ধ হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের জেলা পরিবেশক মেসার্স হাফিজ স্টোরের পরিচালক জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর এরিয়ার এরিয়া ম্যানেজার শামীম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কমলনগর হাজিরহাটের মদিনা ট্রেডার্সের পরিচালক হাজি হারুনুর রশিদ হারুন, রামগতির রামদয়াল রিয়াজ ট্রেডার্সের পরিচালক রিয়াজ উদ্দিন, কমলনগরের করুনানগরের আব্বাস ব্রাদার্সের পরিচালক জামাল উদ্দিন আব্বাস, হাজিরহাটের আলম এন্টারপ্রাইজের পরিচালক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন এলাকার সম্মানিত রিটেইলার ও ব্যবসায়ীরা।
খেলায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কমলনগর টিম ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে সৃষ্টি হয় চরম উত্তেজনা।
খেলা শেষে প্রধান অতিথি জহিরুল ইসলাম বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় সেরা খেলোয়াড়কেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। আয়োজনকে আরও উপভোগ্য করতে খেলার মধ্য বিরতিতে নাস্তা ও পানীয় এবং খেলা শেষে ডিনারের ব্যবস্থা করা হয়।
আয়োজকরা জানান, ব্যবসায়ী, রিটেইলার ও সংশ্লিষ্টদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। খেলাটি অত্যন্ত উৎসবমুখর, আনন্দঘন ও মনোরম পরিবেশে সম্পন্ন হয়।

