জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আকবর হোসাইনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সহায়তায় আহত নারীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে তদন্ত চলছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, গত সাত মাসে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

