ইবি প্রতিনিধি:পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়-এ ‘বরকতের বারিধারা’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামী সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট-এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর আগে বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে হামদ, নাত এবং রমাদানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ইসলামী নাশিদ পরিবেশন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের পরিচালক আবু সুফিয়ান বলেন, “পবিত্র মাহে রমাদানের আগমন উপলক্ষে ‘বরকতের বারিধারা’ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে আমরা চাই রমজানের পবিত্র সুধা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। মানুষ যেন সব ধরনের পাপাচার ও অশ্লীলতা থেকে দূরে থেকে কোরআনের আলোয় জীবন গড়ে তোলে। সুস্থ ও সুন্দর ইসলামী সংস্কৃতি সমাজে প্রতিষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
উল্লেখ্য, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি ইসলামী সংস্কৃতি চর্চা ও প্রসারে নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

