মোঃ সজল মন্ডল, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার প্রজ্ঞাপন এর প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
আজ শুক্রবার দুপুর থেকে ভাঙ্গা-খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কে শত শত মানুষ জড়ো হয়ে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনকারীরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে ঢাকা-খুলনা,বরিশাল মহাসড়কের সাথে সংযোগ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত বাস, ট্রাক গণপরিবহন সব কিছু চলাচলে বাধাগ্রস্ত হয় এবং ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভোগান্তিতে পরে হাজার হাজার মানুষ।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ভাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ দুটি ইউনিয়ন নগরকান্দায় যুক্ত করার উদ্যোগ জনস্বার্থবিরোধী। এতে তাদের প্রশাসনিক সেবা ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে। তারা দাবি জানান, অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।তারা ভাঙ্গা উপজেলা অবিভক্ত চায় এবং যেকোনো মূল্য ভাঙ্গা উপজেলা ভাগ করতে দেয়া হবে না বলে তারা জানায়।সাধারণ জনগণের পাশাপাশি, রাজনৈতিক ব্যক্তিবর্গরা এ সময় সংহতি প্রকাশ করে এবং জনগণের পাশে উক্ত দাবি আদায়ের লক্ষ্যে তারা থাকবেন বলে প্রতিশ্রুতি দেয়।
অবরোধ চলাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

