ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র প্রফেসর ড. মো. আলিনুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিল সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল উদ্দিন, আই আই ই আর পরিচালক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকলকে দোয়ায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলা আমাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জাতীয় পরিচয় সুদৃঢ় হয়েছে।
তিনি আরও বলেন, ত্যাগ ও রক্তের বিনিময়েই বিজয় অর্জিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের মাধ্যমে দেশ স্বাধীনতা অর্জন করেছে। প্রতিটি সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়েই সফলতা আসে—ভাষা আন্দোলন তার উজ্জ্বল দৃষ্টান্ত।
দোয়া মাহফিলে ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

