৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।
শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।
বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, রিমান্ড, এফিডেভিট, কোর্ট ম্যারেজ, অভিযোগ গ্রহণসহ সব ধরনের গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম থমকে গেছে এবং দিন দিন বাড়ছে মামলার জট।
সূত্র জানায়, বর্তমানে সন্দ্বীপ আদালতে সিভিল ও ফৌজদারি মিলিয়ে সাত শতাধিক মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে এসব মামলার কোনো অগ্রগতি হচ্ছে না।
এ অবস্থায় ভুক্তভোগী সাধারণ মানুষকে বাধ্য হয়ে চট্টগ্রাম শহরের সহকারী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। এতে সময়, অর্থ ও শারীরিক কষ্ট—সব দিক থেকেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের ভাষ্য, সন্দ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হওয়ায় চট্টগ্রাম শহরে যেতে হলে সাগর ও স্থলপথ মিলিয়ে দীর্ঘ সময় এবং অতিরিক্ত খরচ বহন করতে হয়। অনেক ক্ষেত্রে একটি হাজিরার জন্য পুরো দিন কিংবা একাধিক দিন ব্যয় হয়ে যায়। এতে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কেউ কেউ এ পরিস্থিতিকে সাধারণ মানুষের প্রতি নির্মম হয়রানি হিসেবেও অভিহিত করেছেন।
সন্দ্বীপ উপজেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, উপজেলার ফৌজদারি মামলার কার্যক্রম পরিচালিত হয় উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। থানায় গ্রেফতারকৃত আসামিদেরও এই আদালতেই হাজির করার বিধান রয়েছে। বর্তমানে এ আদালতে প্রায় সাত শতাধিক মামলা বিচারাধীন রয়েছে।
সন্দ্বীপ উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুরুল আমীন বলেন,
“এক মাসেরও বেশি সময় ধরে এখানে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেই। থানায় গ্রেফতার হওয়া আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম থাকলেও এখন তাদের চট্টগ্রামে নিয়ে যেতে হচ্ছে। এতে নৌযাতায়াতজনিত হয়রানির পাশাপাশি অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ দ্বিগুণ ভোগান্তিতে পড়ছেন। ম্যাজিস্ট্রেট না থাকায় আদালতের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে।”
এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে অবিলম্বে বিচারক নিয়োগ দিয়ে সন্দ্বীপ আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম পুনরায় চালুর জোর দাবি জানিয়েছেন স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ।

