সন্দ্বীপে দিনব্যাপী কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।
শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের সন্দ্বীপে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসের কর্মসূচি শুরু হয় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সকাল সাড়ে ৮টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষকদল, সন্দ্বীপ পৌরসভা বিএনপি, বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখা, সন্দ্বীপ রক্তদাতা সংগঠন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, এসডিআই, স্বেচ্ছাসেবক দল, সন্দ্বীপ অধিকার আন্দোলন, সন্দ্বীপ প্রেস ক্লাব, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন সন্দ্বীপ, একতা ক্লাব, সন্দ্বীপ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মামরা, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ জায়েদ নুর, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ ও সেক্রেটারি মাওলানা আবু তাহেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দিনের শেষভাগে শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

