শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় এনাম নাহার বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার বলেন,
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য আল্লাহর এক বিরাট নিয়ামত। এই স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা। আজ বিজয় দিবসে আমাদের শপথ নিতে হবে—দেশকে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যমুক্ত করে একটি সত্যিকারের ইসলামী কল্যাণরাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আদর্শবান ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ বলেন,
মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, ধৈর্য ও সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়ের মর্যাদা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের ন্যায়নীতি প্রতিষ্ঠার মাধ্যমেই বিজয়ের প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব।
তিনি মহান মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী।

