মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় গাঁজাসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে চকিলাম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৮/৮-এস এলাকা থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোট মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ গ্রাম ভারতীয় গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে আটক করা হয়—মোঃ আবু রায়হান (৩৮), পিতা–মৃত সোনতাজ উদ্দিন, গ্রাম–খায়ের বাড়ি এব মোঃ ময়নুল ইসলাম (৪০), পিতা–মৃত মোখলেজার রহমান, গ্রাম–দাদনপুরউভয়ের পোস্ট চন্ডিপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁ।
আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য চোরাচালান রোধ, অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ এবং সীমান্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সমাজ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

